চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালই ঠিক করবেন সেনা হেফাজতে থাকা আসামিরা কোথায় থাকবে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলেও, আসামিদের সাব-জেল বা অন্য কোনো কারাগারে পাঠানোর সিদ্ধান্ত ট্রাইব্যুনালই নেবেন।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগার ঘোষণা করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “সরকার যেকোনো স্থানকে কারাগার বানানোর অধিকার রাখে। তবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনের তারিখ ১২ অক্টোবর হলেও এ তথ্য সোমবার প্রকাশিত হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।