যুদ্ধবিরতি চুক্তির অংশ

৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি দিয়েছে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) এই বন্দিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তর।

দুটি ধাপে মুক্তি দেওয়া হয় এই কারাবন্দিদের। প্রথম ধাপে রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ইসরায়েলি ‘ওফের’ কারাগার থেকে প্রায় ২ হাজার বন্দি মুক্তি পেয়ে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে পৌঁছান। এই বন্দিদের পরিবহনের দায়িত্বে ছিল আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট (আইসিআরসি)।

দ্বিতীয় ধাপে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে ১ হাজার ৭১৮ জন ফিলিস্তিনি বন্দিকে গাজার খান ইউনিস শহরে আনা হয়। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন।

গাজার নাসার মেডিকেল কমপ্লেক্সে মুক্তিপ্রাপ্তদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি স্বজনদের স্বাগত জানাতে জড়ো হন, মুক্তি উদযাপন করতে দেখা যায় তাদের।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আকস্মিক হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর ৮ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। গত দুই বছরে এ অভিযানে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন।

সূত্র: ইসরায়েলি কেন্দ্রীয় কারাগার দপ্তর, হামাস জনসংযোগ বিভাগ।