সরকার ভোজ্যতেলের দাম বৃদ্ধি করেনি: বাণিজ্য উপদেষ্টা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো অধিকার নেই। তিনি হুঁশিয়ারি দেন, দামের কোনো অস্বাভাবিক পরিবর্তন হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে, গত ১৩ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছিল। তাদের ঘোষণা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বৃদ্ধি করে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেল ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা বৃদ্ধি করে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানো হয়েছে।

তবে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, সয়াবিন তেল এখনও আগের দামেই বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির খবরে ক্রেতাদের মধ্যে অসন্তোষের ছায়া পড়েছে।