বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে হাইকোর্টের সামনে রাতভর অবস্থান শিক্ষকদের


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত হাইকোর্টের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন, আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার মধ্যে দাবি না মানলে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এরপরও যদি দাবি পূরণ না হয়, তাহলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

মঙ্গলবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তবে হাইকোর্টের কাছাকাছি পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এতে শিক্ষকরা সড়কের ওপর বসে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচি থেকে বক্তৃতাকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,

“আজ আমরা এখানে অবস্থান করব। আগামীকাল সকাল ১১টার মধ্যে দাবি না মানলে শাহবাগে অবস্থান নেব। এরপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাব, প্রয়োজনে আমরণ অনশনে বসব।”

তিনি আরও বলেন,

“আমাদের আর পিছু হটার সুযোগ নেই। আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে, অন্যথায় আমরা সচিবালয় ঘেরাও করে রাখব যতক্ষণ না দাবি পূরণ হয়।”

পুলিশের ব্যারিকেডে আটকে পড়া অবস্থায় শিক্ষকরা সড়কেই স্লোগান, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যান।