রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে আরও কোনো মরদেহ রয়েছে কি না, তা আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম এখনো চলছে। কেমিক্যাল অপসারণ ও আগুন সম্পূর্ণ নেভাতে আরও কিছু সময় লাগবে।”
তিনি আরও জানান, গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও কেমিক্যালের আগুন নির্বাপণে জটিলতা তৈরি হয়েছে। এসব রাসায়নিক থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, যা শ্বাসকষ্টের ঝুঁকি বাড়াচ্ছে এবং দমকলকর্মীদের কাজেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
নজমুজ্জামান বলেন, “ঘনবসতির কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে বাধা পাচ্ছি। এজন্য আমরা মাইকিং করে স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করছি।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, “এ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, ভেতরে নতুন কোনো মরদেহ দেখা যায়নি। তবে গোডাউনের ভেতরে এখনো ধোঁয়া রয়েছে। অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পরই নিশ্চিত করে বলা যাবে, আরও কোনো মরদেহ আছে কি না।”
এদিকে, ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক ইউনিট টানা কাজ করে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও।
আপনার মতামত লিখুন :