প্রায় তিন ঘণ্টা অবরোধের পর শাহবাগ থেকে সরে গেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার বিকেল ৫টার আগেই তারা অবরোধ প্রত্যাহার করেন। তবে দাবি পূরণ না হলে যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
বুধবার দুপুর ২টার দিকে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে শাহবাগ অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “আমাদের আন্দোলন সফলতার পথে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা একচুলও পিছু হটব না।” তিনি আরও বলেন, “চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না, পূর্ণ ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ দিতে হবে।”
দীর্ঘদিন ধরে অবহেলিত ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের এই আন্দোলন চলছে। তারা জানান, সরকার তাদের দাবিগুলো বারবার উপেক্ষা করায় বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন। শিক্ষক নেতারা স্পষ্ট করে বলেন, দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে যমুনা ঘেরাও করা হবে।
আপনার মতামত লিখুন :