প্রধান উপদেষ্টা ইউনূস

ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত, কোনো সমঝোতা হবে না


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই এবং তা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করানো। এর সঙ্গে কোনো সমঝোতা বা কম্প্রোমাইজ করা হবে না। আমরা যা সম্ভব সব ব্যবস্থা গ্রহণ করব।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জুলাই সনদ উৎসবমুখর পরিবেশে ১৭ অক্টোবর স্বাক্ষর করা হবে। এ ব্যাপারে তিনি জানান, দলিল স্বাক্ষরের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার পথ সুগম হবে এবং জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।