সংসদ ভবন ঘিরে কঠোর নিরাপত্তা, জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তেজনা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার দুপুরে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। দুপুর ১টা ২৬ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়ে প্রায় আধঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুরো সংসদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সাক্ষীদের বরাতে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল বিক্ষোভকারী গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মঞ্চের সামনে অতিথিদের আসনে বসে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের এলাকা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে আগুন লাগানো ও ভাঙচুর চালালে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এবিপিএন সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেন। এ সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুরো সংসদ ভবন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত পুলিশ, এবিপিএন ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।

এর আগে সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে।