ঐতিহাসিক জুলাই সনদে সই করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের মাইলফলক হিসেবে বিবেচিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এই বহুল প্রতীক্ষিত সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঞ্চে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর স্বাক্ষরিত এই জুলাই সনদ বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের নতুন অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।