এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে টানা সাত দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তারা কালো পতাকা মিছিল করবেন।

শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ত্যাগ করবেন না। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান এখন অনশন কর্মসূচিতে রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

আজিজী আরও জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং দাবিগুলো মেনে না নেওয়ায় ক্ষোভ জানিয়ে তারা অনশন করছেন। আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাবেন শিক্ষক-কর্মচারীরা।

তিনি বলেন, “যারা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বর্জনের সময় এসেছে। বিদ্যালয়ের ঘণ্টা বাজবে না, ক্লাসও হবে না— শহীদ মিনারই এখন আমাদের ঠিকানা।”

এর আগে, গত রবিবার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষকরা।

সরকার এরই মধ্যে ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।