হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে রাত ৯টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ৩৭টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

অগ্নিকাণ্ডের ফলে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এ পরিস্থিতিতে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব পক্ষ একযোগে কাজ করছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট ও নৌবাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন।