সিইসি

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে। শনিবার (১৮ অক্টোবর) বরিশালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।”

তিনি আরও জানান, আওয়ামী লীগের সব কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে বলে দলটি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে বিচার শেষ হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

এনসিপির শাপলা প্রতীকের দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এ প্রতীক বরাদ্দের সুযোগ নেই।

সিইসি জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে।

সভায় বরিশাল বিভাগের কমিশনার রায়হান কাওসার, ছয় জেলার জেলা প্রশাসকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।