হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে বিকেলের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে শিগগিরই তদন্ত শুরু করা হবে। আগুনের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
আপনার মতামত লিখুন :