খালি প্লেট হাতে ভুখামিছিল, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন অব্যাহত
বাংলার মুখ ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট হাতে “ভুখামিছিল” শুরু করেছেন। রবিবার (১৯ অক্টোবর) বেলা সোয়া তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে এ মিছিল শুরু হয়। এতে অংশ নেন হাজারো শিক্ষক-কর্মচারী।
তবে মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তা থামিয়ে দেয়। সেখানে এক ঘণ্টা অবস্থান করে বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষক-কর্মচারীরা পুনরায় শহীদ মিনারে ফিরে যান। এ সময় তারা স্লোগান দেন— “৫ শতাংশের প্রজ্ঞাপন মানি না, মানব না”, “প্রহসনের প্রজ্ঞাপন মানি না, মানব না” ইত্যাদি। হাইকোর্ট মোড়ে শতাধিক পুলিশ সদস্য ও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।
শহীদ মিনারে মিছিলের আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, “সরকার যে ৫ শতাংশ বাড়িভাড়া ঘোষণা করেছে, তা আমাদের আন্দোলনের সঙ্গে প্রহসন ছাড়া কিছু নয়। আমরা এটি মানি না, আন্দোলন চলবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত।” তিনি জানান, শিক্ষক নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বিএনপি তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। আজ ছিল তাদের আন্দোলনের অষ্টম দিন।
আপনার মতামত লিখুন :