আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রতিনিধিরা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অন্যান্য বাহিনীর প্রধানসহ নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইসি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। কমিশন ইতোমধ্যে এক ডজন চ্যালেঞ্জ চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে—ভোটকেন্দ্র ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সমন্বয়, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার রোধে কৌশল নির্ধারণ, সশস্ত্র বাহিনী মোতায়েন পরিকল্পনা, অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ, পাহাড়ি ও দুর্গম এলাকায় নির্বাচনী সামগ্রী পরিবহন এবং ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধের বিষয়।