মনির হত্যা মামলা

মনির হত্যা মামলায় হাজী সেলিম ও ছেলে সোলায়মানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় জুলাই আন্দোলন চলাকালে ঝুট ব্যবসায়ী মনির হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এদিন হাজী সেলিম ও তার ছেলেকে আদালতে হাজির করা হলে, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, আর হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শাহবাগের চাঁনখারপুল এলাকায় জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। সে সময় আসামিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উল্লেখ্য, হাজী সেলিমকে গত বছরের ২ সেপ্টেম্বর ও তার ছেলে সোলায়মানকে ১৪ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।