সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি অগ্নি-সতর্কতা নির্দেশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নিকাণ্ড এড়াতে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, অফিস বা প্রতিষ্ঠান ত্যাগের আগে কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ রাখতে হবে এবং এসির প্লাগ খুলে রাখতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এসব বিষয় যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, চট্টগ্রামের ইপিজেডে তোয়ালে কারখানায় ১৭ ঘণ্টার আগুন, এবং সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড।