চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স শিক্ষার্থী শামীম মাকসুদ খান জয় (২৬)-এর লাশ হাত ও পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার আউটার রিং রোডসংলগ্ন কাশবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত শামীম বরিশালের বাসিন্দা হলেও নগরের বন্দর আবাসিক এলাকার বড়পোলে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে মাস্টার্সে ভর্তি হন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, বিকেল ৩টার দিকে স্থানীয়রা কাশবনের ভেতরে শামীমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাসা থেকে বের হওয়ার আগে শামীম তার মাকে জানান, একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। বের হওয়ার আগে তার মোবাইলে একটি কল আসে এবং তিনি মাকে জানান, ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :