ভূমি সচিব

দায়িত্বশীলতা ও সততাই জাতির অগ্রযাত্রার চালিকাশক্তি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম অপরিহার্য বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, এই তিনটি গুণই মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি এবং জাতির উন্নতির প্রধান চালিকাশক্তি।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি সচিব বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যাতে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং জনগণ সহজে ভূমি-সংক্রান্ত সেবা পায়। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, কৃষিজমি সুরক্ষা, পরিবেশ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, অকৃষি জমির সুপরিকল্পিত ব্যবহার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও ভূমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য সর্বস্তরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে সালেহ আহমেদ বলেন, “দেশপ্রেম এমন এক অনুভূতি, যা নাগরিককে তার দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত করে। একজন সত্যিকারের দেশপ্রেমিক কখনো দুর্নীতি বা অন্যায় কাজে জড়ান না। বরং দেশের আইন মেনে দায়িত্ব পালন করেন এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন।”

তিনি আরও বলেন, প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব পালনে, দেশের সম্পদ রক্ষা ও সংস্কৃতি সংরক্ষণে দেশপ্রেম প্রকাশ পায়। তাই নতুন প্রজন্মকে দেশপ্রেমকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠা সমৃদ্ধ বাংলাদেশই হবে প্রকৃত দেশপ্রেমের প্রতীক।

সভায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস