এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি, কার্যকর দুই ধাপে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ভাতা দুই ধাপে কার্যকর হবে—এর মধ্যে প্রথম ধাপে ৭ দশমিক ৫ শতাংশ কার্যকর হবে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে, এবং অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার জানান, অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা হিসেবে ধাপে ধাপে বৃদ্ধি করতে সম্মতি দিয়েছে।

এর আগে, গত রোববার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আংশিক মেনে ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নীতিমালা ও আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী নভেম্বর থেকেই শিক্ষকরা বাড়তি ভাতা পাবেন, যা জুলাইয়ে পূর্ণ ১৫ শতাংশে উন্নীত হবে।

শিক্ষক সমাজ সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও, অনেকেই জানিয়েছেন—মূল বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে আরও ভাতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।