অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আশাবাদ: নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে আসবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭.৫ শতাংশ বৃদ্ধি করা হবে। পাশাপাশি আগামী বছরের জুলাই থেকে বাড়িভাড়া আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে।

বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা শিক্ষক-কর্মচারীদের দাবিকে যৌক্তিক মনে করছেন। এর আগে শিক্ষকরা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের অর্থনীতি দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সামর্থ্য নেই। তাই বাস্তবতার নিরিখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।