অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, রাজনৈতিক সংলাপ ও দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর কার্যকালে ঢাকা ও বার্লিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে জার্মান রাষ্ট্রদূত ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে কথা বলতে দেখা খুবই ইতিবাচক বিষয়। নির্বাচনের পরও এসব সংস্কার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।”

অধ্যাপক ইউনূস বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন একটি ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এটি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে পরিবর্তন ও আস্থার নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

তিনি আরও বলেন, “সরকার ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সম্ভাব্য সব কিছু করছে।”

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ-জার্মানি বাণিজ্য সম্পর্ক, শিক্ষায় সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার জার্মানি, এবং নতুন রাষ্ট্রদূতের মেয়াদকালে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।