বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামী ১৩ নভেম্বর।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন।
মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সমাপনী বক্তব্য দেন। এছাড়া প্রসিকিউশনের অন্যরা ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও সুলতান মাহমুদ।
আসামিদের মধ্যে একজন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। প্রসিকিউশন জানায়, তার জবানবন্দিতে ‘সত্য ও পূর্ণ প্রকাশ’ হয়েছে।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল কোনো আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে ডিফেন্স আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেয়। তিনি যুক্তিতর্কে বলেন, আন্দোলন কোটা সংস্কারের জন্য থাকাকালীন বৈধ ছিল, তবে সরকারের পতনের জন্য অনুষ্ঠিত আন্দোলন ছিল অবৈধ। তিনি আরও দাবি করেন, হাসিনা ও কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি এবং তাদের খালাস চাওয়া উচিত।
মামলার রায়ের দিকে রাজনৈতিক মহলসহ দেশের জনগণ সর্তক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আপনার মতামত লিখুন :