অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সহযোগীকে দুটি দুর্নীতির মামলায় মোট ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পৃথক দুই মামলায় তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো তিনজন হলেন—ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আরামিট পিএলসির এজিএম উৎপল পাল।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তাদের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছেন।
এর আগে দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন ও সজীব আহমেদের করা দুই মামলায় অভিযোগ আনা হয় যে, আসামিরা ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে ইউসিবি ব্যাংকের দুই গ্রাহক প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ও ৬০ কোটি টাকা উৎকোচ আদায় করেছেন।
অভিযোগে বলা হয়, এই অর্থ ঘুষ, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে, যা মানিলন্ডারিংসহ দণ্ডনীয় অপরাধ।
বিচারক শুনানি শেষে প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :