সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে অংশ নিতে নির্ধারিত সৌদি আরব সফর বাতিল করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সম্মেলনের।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই এই সফর বাতিল করা হয়েছে।
তবে প্রধান উপদেষ্টার পরিবর্তে আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী এবার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নিয়ে দেশের বিনিয়োগ সম্ভাবনা ও অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন।
উল্লেখ্য, গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই ড. ইউনূসের রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল এবং সফর-সংশ্লিষ্ট আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়।
আপনার মতামত লিখুন :