সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকার নদী দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

ঢাকার চারটি নদীর দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্প চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, ডিসেম্বরে এই প্রকল্প অনুমোদিত হওয়ার আশা রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পরিদর্শন শেষে ‘নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলা’ অনুষ্ঠানে অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, নদী দূষণ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে, এবং শিল্প দূষণ ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার দিকে জোর দিতে হবে। তিনি আরও বলেন, “একজন একজন করে দূষণকারীকে ধরা হবে বা কেন্দ্রীয় ইটিপি কাঠামোর আওতায় আনা হবে। চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু করা যায়, ততটুকু আমরা করছি।”

প্রকল্পটি ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টের জন্য আলাদা বাজেট, জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করবে, যাতে তারা নদীতে নজরদারি বাড়াতে পারে। এছাড়া স্থানীয় জনগণ ও পরিবেশকর্মীদের সহযোগিতা ছাড়া নদী রক্ষা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে নদী ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এটি নদীর প্রাণহানি ঘটাচ্ছে এবং আশপাশের পরিবেশের ভারসাম্যকে বিপন্ন করছে।”

পরিবেশবাদীদের সঙ্গে সহযোগিতার গুরুত্ব উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, “তাদের প্রচেষ্টার সঙ্গে আমরা আমাদের কার্যক্রম সমন্বয় করে নদী রক্ষা করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইডেন দূতাবাসের জলবায়ু ও পরিবেশ বিভাগের প্রধান নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।