আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা জোরদার ও সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
১. দেশব্যাপী চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও দুষ্কৃতিকারীদের দমন।
২. জুলাই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি পর্যালোচনা ও উসকানিমূলক সাইবার প্রচারণা রোধ।
৩. নারী ও শিশুনির্যাতন, ধর্ষণবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
৪. মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর অভিযান।
৫. শীর্ষ সন্ত্রাসীদের জামিন-পরবর্তী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধ।
৬. গারমেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণ।
৭. শিল্প ও ওষুধ খাতে বিশৃঙ্খলা প্রতিরোধ।
৮. অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার।
৯. সীমান্ত ও পার্বত্যাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ।
১০. রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা।
১১. মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন।
বৈঠকে জাতীয় নির্বাচনের আগে দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :