রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া নিহতের পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।
সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে এসব তথ্য জানান। তিনি বলেন, “নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ফার্মগেট এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে আবুল কালাম নিহত হন। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার তদন্তের জন্য সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আপনার মতামত লিখুন :