৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তার বদলি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে কর্মরত ৯ জন পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আরও ২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে এবং মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।