বইমেলা হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এবারের অমর একুশে বইমেলা সুন্দরভাবে আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি বলেন, “সময় নির্ধারণের বিষয়টি বাংলা একাডেমির ওপর নির্ভর করছে—তারা আগের মতো একই সময়ে আয়োজন করবে, নাকি কিছুটা পরিবর্তন করবে, সেটি একাডেমি ঠিক করবে। তবে মেলা হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”

রবিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘কেমন বইমেলা চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১৭টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

প্রেস সচিব বলেন, “আমরা এমন একটি বইমেলা চাই, যেখানে সব মতের ও চিন্তার বই স্থান পাবে। লেখক যেই মতেরই হোন না কেন, পাঠক নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি কোন বই পড়বেন বা কিনবেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই বইমেলা হোক বৈষম্যবিরোধী। কেউ যেন বলতে না পারেন—তাঁর সঙ্গে বৈষম্য করা হচ্ছে বা তাঁর বই বিক্রির সুযোগ দেওয়া হয়নি।”

আগের কিছু বইমেলার সমালোচনা করে তিনি উল্লেখ করেন, “আমরা এমন মেলা চাই না যেখানে ৪০ শতাংশ বই একজন ব্যক্তিকে কেন্দ্র করে থাকে। একসময় শেখ পরিবারের ওপর অসংখ্য বই লেখা হয়েছে, যা কেবল অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়েছিল। এখন সেই সময় শেষ।”

আলোচনা সভায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান বলেন, “আগের সরকার বইমেলাকে দলীয়করণ করেছিল। এবারকার বইমেলা হবে সবার। ফেব্রুয়ারিতেই মেলা শুরু হওয়া উচিত, প্রয়োজনে নির্বাচনের কারণে কয়েকদিন বিরতি দেওয়া যেতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ বারী। আলোচনায় আরও বক্তব্য রাখেন কবি গাজীউল হাসান খান ও ফয়েজ আলম।