ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগের জেলার বাইরে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪১ জন রয়েছেন।

একই সময়ে ৯৭০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।