সালমান শাহ হত্যা মামলা: সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

চলচ্চিত্র তারকা সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় এসেছে। মামলার এজাহারনামীয় আসামি সালমান শাহের স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ।

এর আগে ২২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা, রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার আদালতে আবেদন করে জানান— সামিরা ও ডন মামলার পলাতক আসামি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে মামলার তদন্ত ব্যাহত হবে এবং বাদীপক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারে। তাই তদন্ত চলাকালীন তাদের বিদেশ যাত্রা বন্ধে ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করা জরুরি।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

পরদিন ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা ও যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন— শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি (মে-ফেয়ার বিউটি সেন্টার), আব্দুস ছাত্তার, সাজু, ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।