চলে গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকী মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ ডেঙ্গু জ্বর।

হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন। এছাড়াও তিনি এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’ এবং দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

তাঁর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করা হাফেজ ত্বকীর বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। তরুণ এই বিশ্বজয়ী হাফেজের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে।

হাফেজ ত্বকীর আন্তর্জাতিক সাফল্য বাংলাদেশের কোরআন শিক্ষা ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।