মেট্রো বিয়ারিং প্যাড পড়ে নিহত

ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে দশ কোটি টাকার ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ হতে দুটি বিয়ারিং প্যাড পড়ে। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড আবুল কালামের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তার স্ত্রী ও দুই সন্তান আছে এবং ছোট ভাই তাঁর অর্থায়নে পড়াশোনা করতেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ তাদের স্থাপনা ও সরঞ্জামাদি পর্যবেক্ষণ না করে জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে রেখে মেট্রোরেল পরিচালনা করছেন।

নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে দশ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরি না দিলে, আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ করা হয়েছে, মেট্রোরেল কর্তৃপক্ষের প্রাথমিক সহায়তা মাত্র পাঁচ লাখ টাকা এবং চাকরি প্রদানের প্রস্তাব “অবমাননাকর ও বাস্তবতা-বিরোধী”।

আইনি নোটিশটি মঙ্গলবার ডাকযোগে পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।