খালেকুজ্জামান চৌধুরী

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। তিনি এর আগে একই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৮ অক্টোবর) এ নিয়োগের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ওই দিন থেকেই আদেশ কার্যকর হবে। একইসঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারকে রিজার্ভে পাঠানো হয়েছে।

২০২০ সালে শামীম আখতার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, শামীম আখতারের চাকরির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও তাকে আগেই রিজার্ভে পাঠানো হয়েছে।

এদিকে তার দায়িত্বকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে অনিয়ম প্রমাণিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি থাকা কিছু প্রকৌশলীর বিষয়ে ভূমিকা না রাখায় অধিদপ্তরের অভ্যন্তরে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে।