এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা মোট ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় ঘোষণা করেন।

দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে জমি জব্দের আবেদন করেন। শুনানির পর গাজীপুর সদরে ৮.৫৮ একর, শ্রীপুরে ৪.৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২.৬৮ একর, মহেশখালীতে ১৮০.২৮২১ একর, কক্সবাজার সদরে ২.১২০০ একর এবং চকরিয়া সদর এলাকায় ০.৯৬৭৫ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে দেখা গেছে, তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তারা এই স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। তাই অনুসন্ধান চলাকালীন এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর রোধে জরুরি ভিত্তিতে জব্দের প্রয়োজন বলে আদালত সিদ্ধান্ত নেন।