জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মেলিসা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা। জ্যামাইকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর এই সুপার হারিকেন এখন কিউবার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে দেশটিতে লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ঝড়টির গতি কিছুটা কমে ক্যাটাগরি ৪ পর্যায়ে এলেও এর শক্তি এখনো বিধ্বংসী মাত্রায় রয়েছে। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানায়, মঙ্গলবার জ্যামাইকার নিউ হোপ এলাকায় স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা ক্যাটাগরি ৫ মাত্রার সমান।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) মেলিসাকে “শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়” হিসেবে আখ্যায়িত করেছে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

মার্কিন হারিকেন কেন্দ্র সতর্ক করেছে, উত্তর-পশ্চিম জ্যামাইকায় এখনো শক্তিশালী ঝড় প্রবাহিত হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মেলিসা ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে, যা পুরো মৌসুমি বৃষ্টির প্রায় দ্বিগুণ।

জ্যামাইকার স্থানীয় সরকারমন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি বলেন, “আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, তবে ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকা প্রায় অসম্ভব।”

রেডক্রস জানিয়েছে, শুধুমাত্র জ্যামাইকাতেই ১৫ লাখ মানুষ ক্ষতির মুখে পড়তে পারেন। রাজধানী কিংস্টনে বিদ্যুৎবিচ্ছিন্নতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে, কিউবায় ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে ৬ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, যার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো এবং পূর্বাঞ্চলীয় হোলগুইন প্রদেশ অন্তর্ভুক্ত।

কিউবার উপপ্রধানমন্ত্রী এদুয়ার্দো মার্টিনেজ বলেন, “এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমরা এমন কিছু আগে কখনও দেখিনি।”

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, হারিকেন মেলিসা ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে এবং বুধবারের মধ্যে ক্যাটাগরি ৪ মাত্রায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ কিউবা ও জ্যামাইকায় ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে।