আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রথম উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি, করণীয় এবং প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে। সভা শেষে বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সরকার প্রধানের দপ্তরের।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও সভায় অংশ নেন।
প্রধান উপদেষ্টা এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছিলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী নির্বাচন প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার দপ্তর ইতোমধ্যে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশন সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগেই এ সনদ নিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে।
আপনার মতামত লিখুন :