প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করেছেন যে, দেশের ভেতর ও বাইরে থেকে বড় ধরনের শক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করবে। তিনি বলেন, “ছোটখাটো নয়, বড় শক্তি কাজ করবে। হঠাৎ করেই আক্রমণও আসতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তবে যত ঝড়ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।”
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেছেন, নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার চালানো হবে। এআই-নির্ভর ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই অপপ্রচার রচনা হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রতিহত করতে হবে, যাতে তা ছড়াতে না পারে।
এ ছাড়া তিনি বলেন, নির্বাচনকে সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণের কাছে পৌঁছাতে হবে। ভোটের নিয়ম, কেন্দ্রের শৃঙ্খলা ও বিশৃঙ্খলা হলে করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
এই লক্ষ্যে নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করে দ্রুত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যাতে সাধারণ মানুষ সেগুলো দেখে নিজেরাই প্রস্তুত হতে পারেন—এমনটাই জানিয়েছেন প্রেস সচিব।
আপনার মতামত লিখুন :