সুদানে ৩ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের রাজধানী এল-ফাশার শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। শহরটি দখলের অভিযানে মাত্র তিন দিনেই অন্তত দেড় হাজার মানুষকে হত্যা করেছে বাহিনীটি। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সুদান ডক্টর নেটওয়ার্ক জানিয়েছে, সেনাবাহিনীর কাছ থেকে শহরটি দখল করার পর স্থানীয় বেসামরিক জনগণ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আরএসএফ নির্বিচারে গুলি চালায়। সংস্থাটি এ হত্যাযজ্ঞকে একটি “বাস্তব গণহত্যা” বলে আখ্যা দিয়েছে।

গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং দেড় বছর আগে এল-ফাশারে ঘটে যাওয়া বোমাবর্ষণ, অনাহার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ১৪ হাজার মানুষের মৃত্যুর ধারাবাহিকতাই এখন আবারও দেখা যাচ্ছে।

২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান গৃহযুদ্ধে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এল-ফাশার ছিল দারফুরের সর্বশেষ শহর, যা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

১৭ মাসের অবরোধ শেষে গত রবিবার শহরটি দখল করে নেয় আরএসএফ। এরপর থেকে চলতে থাকা সহিংসতায় কেবল রবিবার থেকে বুধবারের মধ্যে দুই হাজার মানুষের মৃত্যুর খবর জানিয়েছে সুদানের সরকারি সূত্র।

বিশ্লেষকদের মতে, এই হত্যাযজ্ঞ দারফুরে আরেকটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এখন জরুরি হয়ে পড়েছে।

সূত্র: আলজাজিরা, সুদান ডক্টর নেটওয়ার্ক।