আজকের পর অতিরিক্ত সিম বন্ধ করবে বিটিআরসি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টির বেশি সিম ব্যবহার করা যাবে না—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতের পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, যেসব গ্রাহকের এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম রেজিস্ট্রেশন করা আছে, তাদের অতিরিক্ত সিমগুলো বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।

গ্রাহকরা নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে বাকি সিমগুলো অপসারণ করতে পারবেন। একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে যেকোনো অপারেটর থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠালে এসএমএসের মাধ্যমে জানা যাবে, ওই এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে।

বিটিআরসি জানিয়েছে, মোবাইল সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।