গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেওয়া তীব্র বিরোধের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা— জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই চূড়ান্ত ফয়সালা আসবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ ২৭০ দিন আলাপ-আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন অনৈক্য হতাশাজনক। আগে মতবিরোধ ছিল বিষয়বস্তু নিয়ে, এখন তা গণভোটে গড়িয়েছে। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে জুলাইয়ের চেতনার মূলভাব ক্ষুণ্ন হবে। ড. আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, “যে যা-ই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবেই।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও সমানভাবে দায়িত্ব রয়েছে।
আপনার মতামত লিখুন :