১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক চালু


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য আসছে নতুন রূপে ইউনিফর্ম। আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত লৌহবর্ণের নতুন পোশাক।

বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছেন, প্রথম পর্যায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই নতুন পোশাক পরিধান করবে।

তিনি জানান, নতুন এই পোশাকটি লৌহবর্ণের এবং স্বতন্ত্র নকশার হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটে তা ব্যবহৃত হলেও, পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের কাছেও এটি পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শুরু হওয়া বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি এবং র‍্যাবের ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তটি চলতি বছরের ২০ জানুয়ারি অনুমোদন পায়।

এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর আধুনিকায়ন ও তাদেরকে জবাবদিহিতার প্রতীক হিসেবে নতুন পরিচয় প্রদান।