আকাশছোঁয়া ইলিশের দাম


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে ধরা পড়ছে না বড় সাইজের ইলিশ। ফলে বাজারে ইলিশের সরবরাহ কম এবং দামে লাগাম টানছে না কেউ। বরিশালের পোর্ট রোড মাছবাজারে ঘুরে দেখা গেছে, বড় আকারের ইলিশের অভাবে দাম আবারও আকাশছোঁয়া হয়ে উঠেছে।

বিক্রেতারা জানান, এখন বাজারে দেড় কেজি ওজনের কোনো ইলিশ নেই। এক কেজি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের কিছু মাছ উঠেছে, যা মোকামে প্রতি মণ ১ লাখ ২০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি সাইজের ইলিশ ১ লাখ ৫ হাজার টাকা, আর ৮০০–৯০০ গ্রাম ওজনের ইলিশ ৯৬ হাজার টাকা মণপ্রতি বিক্রি হচ্ছে।

ছোট সাইজের মাছের দামও কম নয় — ৩০০ গ্রাম সাইজের ইলিশ কেজিপ্রতি ৮০০ টাকা, আর ২৫০ গ্রাম সাইজের মাছ ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতা মাসুম বলেন, “বাজারে বড় ইলিশ উঠছে না, আর যে সামান্য উঠছে তাতেও দাম এত বেশি যে ক্রেতারা কিনতে পারছেন না। অনেকেই শুধু দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন।”

ক্রেতা জাকির হোসেন বলেন, “এক কেজির ইলিশ কিনতে এসেছিলাম, কিন্তু আড়াই হাজার টাকায় একটি মাছ কেনা সম্ভব নয়।”

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, “নিয়ম অনুযায়ী ট্রলারগুলোকে গভীর সমুদ্রে মাছ ধরতে হয়, কিন্তু অনেকেই নদীর মোহনায়ই শিকার করছেন। এতে বড় ইলিশ নদীতে ঢুকতে পারছে না। এই অবস্থা না বদলালে বড় সাইজের ইলিশ আর পাওয়া যাবে না।”

সব মিলিয়ে নিষেধাজ্ঞা শেষে ইলিশের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে।