৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিলের আহ্বান এনবিআরের


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সকল ব্যক্তিগত করদাতাকে ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় সংস্থাটি।

এনবিআর জানায়, চলতি অর্থবছরে অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করার পর এ পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন।

তবে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে, তিনি ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করলে, অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টিআইএনধারী করদাতা থাকলেও, প্রতিবছর মাত্র ৪০ লাখ করদাতা নিয়মিত রিটার্ন দাখিল করেন বলে এনবিআর জানিয়েছে।