জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশের চূড়ান্তকরণ, গণভোট আয়োজন এবং এর বিষয়বস্তু নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের প্রস্তাবিত সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে।
এছাড়া, গণভোটের তারিখ ও বিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে উদ্ভূত মতভেদের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হবে।
উপদেষ্টা পরিষদ মনে করিয়ে দেয়, সময়ক্ষেপণের সুযোগ নেই এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহজ করতে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ প্রস্তাব জরুরি।
সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার জানানো হয়।


আপনার মতামত লিখুন :