ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয়ের সীমা নির্ধারণ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। এর বেশি খরচ করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে।

নতুন সংশোধনে নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু বিধান সংযোজন করা হয়েছে। এর মধ্যে অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা প্রার্থীর ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরপিওর নতুন অনুচ্ছেদ ৪৪ অনুযায়ী, প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা, আর অনুচ্ছেদ ১৩ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে— যা পূর্বে ছিল ২০ হাজার টাকা।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা বৃদ্ধি, খরচ নিয়ন্ত্রণে আনা এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করা সম্ভব হবে।