শাহজালাল বিমানবন্দরের পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে আগ্নেয়াস্ত্র চুরি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া আমদানি কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্ট ভেঙে সাতটি আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা ঘটেছে। আগুনে স্ট্রং রুম অক্ষত থাকলেও পরিদর্শনের সময় ভল্টটির তালা ভাঙা এবং অস্ত্র নিখোঁজ পাওয়া যায়। খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম-৪ কারবাইন রাইফেল ও ব্রাজিলের টরাস সেমি-অটোমেটিক পিস্তল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হলেও এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ জানায়, ভল্টে মোট ২১টি অস্ত্র রাখা ছিল। পরিদর্শনে ১৪টি পাওয়া গেলেও সাতটি পাওয়া যায়নি।

গত ১৮ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্গো কমপ্লেক্সে বিপুল ক্ষতি হলেও স্ট্রং রুম অক্ষত ছিল এবং তা সংশ্লিষ্ট সংস্থার উপস্থিতিতে সিলগালা করা হয়। তবে পরে দুই দফা পরিদর্শনে ভল্ট ভাঙা ও অস্ত্র খোয়া যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। অবশিষ্ট অস্ত্রগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ, বেবিচক, এনএসআই, কাস্টমস ও ডিএমপি এ ঘটনার তদন্ত করছে। সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত থাকায় চোর শনাক্তে বাধা তৈরি হয়েছে। তদন্তসংশ্লিষ্টরা মনে করছেন, মূল্যবান সোনা ও হীরা অক্ষত রেখে শুধু অস্ত্র চুরি হওয়া রহস্যজনক।