যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র মামদানি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সমাজতন্ত্রী মঙ্গলবারের নির্বাচনে জয়ী হয়ে স্বল্পপরিচিত অঙ্গরাজ্য আইনপ্রণেতা থেকে জাতীয় পর্যায়ের অন্যতম প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা হিসেবে উঠে এসেছেন।

নির্বাচনে তিনি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন। উল্লেখ্য, দলীয় মনোনয়ন দৌড়ে পরাজিত হওয়ার পর কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনী বোর্ডের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে আগাম ভোটসহ দুই মিলিয়ন বা ২০ লাখের বেশি ভোট পড়েছে, যা ১৯৬৯ সালের পর সর্বোচ্চ।

মামদানি নিউ ইয়র্কে বামপন্থি নীতির পক্ষে অবস্থান নিয়ে সরকারি বাসে ভাড়া বাতিল, বাড়িভাড়া নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ কমানো এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এসব অঙ্গীকার তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এদিকে, নির্বাচনের আগে কুওমোকে সমর্থন দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্যবসায়ী ইলন মাস্ক; তবে এই সমর্থনও ভোটারদের মন পরিবর্তন করতে পারেনি। মামদানির নির্বাচনে জয় নিশ্চিত হওয়ায় এখন নজর থাকবে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য তহবিল কাটছাঁটের হুমকি এবং নতুন মেয়রের সঙ্গে ফেডারেল সরকারের সম্পর্কের দিকে।