ঢাকায় পেঁয়াজের দাম লাফিয়ে ১২০ টাকা কেজি


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম গত একদিনে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সোমবার ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ আজ (৫ নভেম্বর) ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মুগদা, বাসাবো, মালিবাগ ও মগবাজারে এমন চিত্র দেখা গেছে।

মুগদা বাজারের আড়তদার মো. আজমল জানান, ছোট পেঁয়াজ এখন ১১০ টাকা, বড় ও বাছাইকৃত পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধির প্রধান কারণ হল ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং রবি মৌসুমের পেঁয়াজ বাজারে দেরিতে আসা। কারওয়ান বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকায়, যা আগের সপ্তাহে ৭২ থেকে ৮৫ টাকার মধ্যে ছিল।

শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ বলেন, দেশে তিন মাস ধরে পেঁয়াজের সংকট রয়েছে, আর ভারতীয় পেঁয়াজের দাম বর্তমানে মাত্র ১৫ টাকা কেজি হওয়ায় দ্রুত আমদানির বিকল্প নেই।

চাষিরা জানান, এ বছর বিভিন্ন জেলায় পেঁয়াজ রোপণে বিলম্ব হয়েছে, যার কারণে রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসতেও দেরি হচ্ছে। সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে রবি পেঁয়াজ বিক্রি শুরু হয়।